মৃতরা হলো বিষক্রিয়ায় অসুস্থ জমিলার নাতি সোহান (৭) ও নাতনি সোহানা (২)। অসুস্থরা হলেন, জমিলা (৫০), মেয়ে শরিফা (৩০) এবং তাদের স্বজন সাবিনা (২৫) ও সাদিয়া (৫)। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, হরিন্দা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী জমিলা (৫০) চা পাতার বদলে ভুলে দানাদার বিষ দিয়ে চা তৈরি করেন। সেই চা পরিবারের ছয়জন পান করেন। এ সময় তাৎক্ষণিক বিষক্রিয়ায় শিশু সোহান (৭) ঘটনাস্থলেই মারা যায়। অসুস্থ হয় আরও পাঁচজন। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে সোহানা (২) মারা যায়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল হক জানান, সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নে হরিন্দা এলাকায় এক বয়স্ক নারী চা তৈরি করার সময় ভুলক্রমে বিষ দেন। ওই চা পান করে এক শিশু মারা যায়। অসুস্থ আরও পাঁচজনকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরেক শিশু সোহানা (২) মারা যায়।’
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গেছে। শক্রতাক্রমে এমনটি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।
/বিএল/
আরও পড়ুন: