ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে পটুয়াখালি থেকে গ্রেফতার

RANGPUR FASI ASAMI PHOTO

নজরুল ইসলাম নামে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে পটুয়াখালি জেলা শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুরের তারাগঞ্জ থেকে ২শ’ বস্তা চালসহ ট্রাক ডাকাতি এবং ড্রাইভার ও হেলপারকে হত্যার অভিযোগে ২০১৬ সালের ২৩ জুন নজরুলসহ ১০ ডাকাতকে মৃত্যুদণ্ড দেন আদালত। রবিবার দুপুরে তাকে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সরকার পক্ষের অতিরিক্ত পিপি আখতারুজ্জামান পলাশ জানান, ২০০৬ সালের ২৮ মার্চ দিনাজপুরের রুহিয়া থেকে ২শ’ বস্তা চাল নিয়ে সিরাজগঞ্জে আসার সময় রাত সাড়ে ৯টার দিকে রংপুরের তারাগঞ্জের বারাতি নামক স্থানে একদল ডাকাত একটি খালি ট্রাক নিয়ে চাল বোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ট্রাকটি থেমে গেলে খালি ট্রাকে থাকা ডাকাতরা চাল বোঝাই ট্রাকের ড্রাইভার পরেশ চন্দ্র ও হেলপার সন্তোষ কুমারকে হত্যা করে ২শ বস্তা চাল নিয়ে যায়। এ ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হয়। মামলায় ১০ জনকে আসামি করা হয়। ২৫ জন  সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারত ২০১৬ সালের ২৩ জুন ১০ ডাকাতকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ঘটনার পর থেকে আসামি নজরুল পলাতক ছিল। তার অনুপস্থিতিতে বিচারকে এ রায় দেন। একই সঙ্গে পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। নজরুল ইসলামের বাড়ি পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলার চিংগুয়া গ্রামে। তার বাবার নাম আব্দুল কাদের।

/জেবি/

আরও পড়তে পারেন: গোপনে সামরিক প্রশিক্ষণ চলছে জঙ্গিদের, সদস্য বাড়াতে নানা কৌশল