শিক্ষিকার পিটুনিতে ৯ শিক্ষার্থী হাসপাতালে!

নীলফামারীনীলফামারীর কিশোরগঞ্জে চাঁদখানা নুরুনেচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা পঞ্চম শ্রেণির ৯ ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহত শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলো, জেহাদ আলী, করিমুল, আদর আলী, দেলোয়ার হেসেন, সম্রাট আলী, আপন মিয়া, লালবাবু, রেজোয়ান ও তাসফিরুল। এরা সবাই উপজেলার চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা।

অভিযোগে জানা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিহা সিদ্দিকা তার আট মাসের ছেলেকে নিয়ে স্কুলে আসেন। রবিবার দুপুরে শিশুটিকে কমনরুমে ঘুম পাড়িয়ে রাখেন ওই শিক্ষিকা। পাশেই ছিল পঞ্চম শ্রেণির কক্ষ। শিক্ষার্থীদের সোরগোলে তার সন্তানের ঘুম ভেঙে যায়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পঞ্চম শ্রেণির ৯ ছাত্রকে পিটিয়ে আহত করেন। ছাত্ররা বাড়ি ফিরে তাদের অভিভাবককে জানায়। পরে সন্ধ্যায় আহত ৯ শিক্ষার্থীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গাওছুল আজম  বলেন, দুই ছাত্রের হাত ফেটে গেছে। আহতদের শরীরে লাটির আঘাতের চিহৃ রয়েছে। তাদের চিকিৎসা চলছে।

আহত শিক্ষার্থী করিমুলের বাবা এজামুল হক বলেন, ‘এমন কী অপরাধ করেছে ওরা। এ জন্য এভাবে পেটাতে হবে।’ তিনিসহ সব অভিভাবক ওই শিক্ষিকার বিচার দাবি করেন।

এদিকে, অভিযুক্ত সহকারী শিক্ষিকা সাবিহা সিদ্দিকা বলেন, ‘তেমন কিছুই হয়নি। এলাকার কিছু লোক বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার জন্য এক ধরনের অপচেষ্টা করছে। তবে আমি ছাত্রদের একটু শাসন করেছি।’

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম বলেন, ‘আমি স্কুলের কাজে দুপুরে উপজেলা শিক্ষা অফিসে ছিলাম। তাই এ বিষয়ে কিছুই বলতে পারব না। তবে ঘটনার কথা শুনেছি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/বিএল/