শিক্ষকের বিরুদ্ধে গৃহপরিচারিকা হত্যার অভিযোগ

দিনাজপুর

দিনাজপুরের জিলা স্কুলের শিক্ষকের আনিসুর রহমানের বিরুদ্ধে গৃহপরিচারিকা দুলালী বেগম হত্যার অভিযোগ উঠেছে। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা গ্রামের রাজা মিয়ার মেয়ে। এই ঘটনার পর ওই গৃহপরিচারিকার লাশ হাসপাতালে রেখে পালিয়েছে গৃহকর্তা।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জিলা স্কুলের শিক্ষক আনিসুর রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে গৃহপরিচারিকার কাজ করছিল দুলালী বেগম। সোমবার সন্ধ্যায় ওই কিশোরীকে আহত অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন গৃহকর্তা আনিসুর রহমান। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ধ্রুব জ্যোতি সিনহা তাকে মৃত বলে ঘোষণা করে। এ ঘটনার পরপরই লাশ ফেলে পালিয়ে যায় গৃহকর্তা আনিসুর রহমান।

দিনাজপুর কোতয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, নিহতের মাথায় এবং গলায় আঘাতের চিহৃ রয়েছে। এটি হত্যাকাণ্ড না নিছক দুর্ঘটনা ময়না তদন্তের পরে জানা যাবে। তবে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দেয়নি। ইউডি মামলা দায়েরের পর লাশের ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

/এসটি/