রবিবার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। পাটগ্রাম উপজেলার অন্যান্য ইউনিয়নের মতোই ২০১৬ সালের ৩১ ডিসেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা ছিল এখানে। তবে বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবীবুল হক বসুনীয়া হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করায় নির্বাচন স্থগিত হয়ে যায়। ভারত-বাংলাদেশ বিলুপ্ত ছিটমহলের সীমানা জটিলতা দেখিয়ে তিনি এ রিট পিটিশন দায়ের করেন। ফলে হাইকোর্টের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।
সরজমিনে একাধিক ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, বাউরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে এবং উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিএনপি-আওয়ামী লীগ সমর্থিত দুই প্রার্থী ছাড়াও দুইজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। এছাড়া ৩টি সংরক্ষিত আসনে ৮জন নারী প্রার্থী ও ৯টি সাধারণ আসনে ৩২ জন পুরুষ প্রার্থী লড়ছেন। মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৮৪৫ জন। পুরুষ ৯ হাজার ২৮৬ জন এবং নারী ৯ হাজার ৫৫৯ জন।
এ ব্যাপারে বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম বলেন, ‘শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। দুপুর পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।’
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বলেন, ‘বাউরা ইউনিয়নের নির্বাচনে ৩টি ভ্রাম্যমাণ আদালত ও একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ একাধিক মোবাইল টিম সার্বক্ষণিক টহলরত রয়েছে। কোথাও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।’
/এফএস/
আরও পড়ুন-