উপজেলার ব্রহ্মপুত্রের ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখা গেছে, রাজিবপুরের মোহনগঞ্জ ইউনিয়নসহ পাশ্ববর্তী কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন তীব্র আকার ধারন করেছে। প্রতিদিনই নদের গর্ভে বিলীন হচ্ছে ঘর-বাড়িসহ ফসলি জমি। হুমকির মুখে পড়েছে মোহনগঞ্জ বাজার, ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও কমিউনিটি ক্লিনিকসহ নানা স্থাপনা। এ অবস্থায় ভাঙনরোধে দ্রুত সরকারের কার্যকরী পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
এদিকে, নদের ভাঙন ঠেকাতে ইউনিয়নবাসী মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করলেও তা আমনে নিচ্ছে না কর্তৃপক্ষ। অন্যদিকে ভাঙনের শিকার পরিবারগুলোর কেউ অন্যের জমিতে কেউ বা খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করলেও মিলছে না কোন সরকারি-বেসরকারি সহযোগিতা। এ অবস্থায় অনাহার অর্ধাহারে দিন কাটছে পরিবার গুলোর।
অন্যদিকে, ভিটে-মাটিসহ ফসলি জমি হারানোর আশঙ্কায় নির্ঘুম রাত কাটছে ভাঙনের হুমকিতে থাকা অন্য পরিবারগুলোর।
ভাঙনের শিকার মোহনগঞ্জ ইউনিয়নের জোহরা বেগম জানান, ১০ দিন হয় ভাঙনের মুখে ঘর-বাড়ি সরায় অন্যের জমিতে আশ্রয় নিয়েছি। এখনও ঘর তুলতে পারি নাই। টাকা নাই। মেম্বার চেয়ারম্যানরাও কোন সাহায্য দেয় না। আবার তিন বেলা খাবারও যোগার করতে পারছি না।
একই এলাকার ভাঙনের শিকার সোবহান মিয়া বলেন, ভিটে-মাটি, আবাদি জমি সবই নদীতে গেছে। কোথাও ঘর উঠাবো সে জায়গাও নাই। বউ-বাচ্চা নিয়ে বিপদে আছি।
মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে আমার ইউনিয়নে ব্রহ্মপুত্র ভয়াল রুপ ধারন করেছে। ভাঙন রোধে ব্যবস্থা নিতে আমি উপজেলা চেয়ারম্যানসহ এলাকাবাসীকে নিয়ে অনেকবার সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেছি। কোনও কাজ হচ্ছে না। শুধু বলে বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
রাজিবপুর উপজেলা চেয়ারম্যান শফিউল আলম জানান, ভাঙন ঠেকাতে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করলেও টনক নড়ছে না সংশ্লিষ্ট বিভাগের। এ অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
/এমডিপি/