ঝড়ে গাছ উপড়ে গাইবান্ধায় ৭ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ

গাইবান্ধায় গাছ উপড়ে যানবাহন চলাচল বন্ধঝড়ে শতবছরের পুরনো একটি তেঁতুল গাছ উপড়ে পড়ায় সাত ঘণ্টা ধরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  

মঙ্গলবার সকাল ৭টার দিকে হঠাৎ করে গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবল ঝড় বয়ে যায়। ঝড়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের চাষকপাড়া এলাকায় শতবছরের পুরনো একটি তেঁতুল গাছ উপড়ে পড়ে। এতে ওই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা বিপাকে পড়েছেন।  অনেককেই ২৫ কি.মি. ঘুরে পলাশবাড়ী হয়ে চলাচল করছেন।

Gaibandha 09-05-17 (2)এদিকে ঘটনার পর থেকে গোবিন্দগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম সড়কটি সচল করতে কাজ করছে। তবে দুপুর ২টা পর্যন্ত তেঁতুল গাছটির কোনও অংশই সরানো সম্ভব না হওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।

সেখানে দায়িত্বরত ফায়ার সার্ভিসের টিম লিডার এটিএম গোলাম মোস্তফা বলেন, ‘গাছ সরানোর কাজ চলছে। ঘণ্টা দেড়েকের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছি।’  

এদিকে, ঝড়ের কারণে জেলার বিভিন্ন উপজেলায় পাকা ধান, ফসলি জমিসহ কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বজ্রাঘাতে গোবিন্দগঞ্জ উপজেলার দিঘিরহাট এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

/বিএল/