বুধবার (১০ মে) সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১ নং সাব পিলারের কাছে চেকপোস্ট গেটের বিএসএফ পোস্টে আধা ঘণ্টাব্যাপী দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি জগদিশ প্রসাদ এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার। বৈঠকে রেলওয়ের গার্ডঘর নির্মাণের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এতে উভয় বাহিনীর সৈনিকরাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিজিবি ও বিএসএফ যৌথভাবে সীমান্তের চেকপোস্ট গেটের পাশে রেললাইনের কাছে রেলওয়ের জন্য গার্ড ঘর নির্মাণের নির্ধারীত স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে একই পথ দিয়ে বিএসএফ’র প্রতিনিধি দল ভারতে চলে যায়।
বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, হিলি সীমান্তের চেকপোস্ট গেটের পাশে রেললাইনের কাছে রেলকর্তৃপক্ষ ১০ বাই ১৮ ফিট সাইজের একটি গার্ড ঘর নির্মাণ করতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী (বিএসএফ) তাতে বাধা দেয়। পরে আমাদের অধিনায়ক বিষয়টি তাদের অধিনায়ককে জানায়।এরই পরিপ্রেক্ষিতে আজ বুধবার আমরা দুই দেশের সীমান্ত রক্ষি বাহিনী পতাকা বৈঠক করেছি। এছাড়া যৌথভাবে সে স্থান পরিদর্শন করেছি। বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী পরবর্তীতে কার্যক্রম গ্রহণ করা হবে।
/এআর/