এর আগে আজ বুধবার (১৪ জুন) সকালে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা-কমর্চারীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি প্রশাসনিক ভবনে আসলে তাকে বরণ করেন শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীরা। শুভেচ্ছা গ্রহণের পর নয়া উপাচার্য তার চেম্বারে বসেই বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭’শ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর চলতি মাসের বেতন বোনাস পরিশোধ করার ব্যবস্থা করেন। তিনি নির্দেশ দেন আজই যেন সবার মাসিক বেতন,ঈদ বোনাসসহ যাবতীয় পাওনা পেয়ে যায়।
রেজিস্ট্রার দফতরের এক কর্মকর্তা জানান, গত ৫ মে আগের উপাচার্য অধ্যাপক নুর উন নবীর ৪ বছরের চাকরির মেয়াদ শেষ হয়। উনি চলে যাওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ৭’শ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী চলতি মাসের বেতন ভাতা পাননি। এমনকি ঈদ বোনাসও তাদের দেওয়া হয়নি। নতুন উপাচার্য তার অফিসে বসেই সবার বকেয়া বেতন-ভাতা ঈদ বোনাস দেওয়ার ব্যবস্থা নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আরও জানান, উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগের পরীক্ষার ফলাফল ঘোষণা করা যাচ্ছিল না। আগের উপাচার্য বিভিন্ন বিভাগীয় প্রধান, ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ ১৭টি পদ একাই তার দখলে রাখায় এসব বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ারে পরও ফলাফল প্রকাশ করা যাচ্ছিল না। উপাচার্য তাৎক্ষণিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করে দেওয়ার নির্দেশ দেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর উপাচার্য রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার কবর জেয়ারত করেন। পরে রংপুর কেরামতিয়া জামে মসজিদে রাঙামাটিসহ কয়েকটি স্থানে পাহাড় ধসে চার সেনা সদস্যসহ শতাধিক মানুষের মৃত্যুতে তাদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেন।
/এফএস/