দিনাজপুরে অনুমোদনহীন হাসপাতালে র‌্যাবের অভিযান, ভুয়া চিকিৎসক আটক

 

আটকদিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা করাসহ ওই হাসপাতালের পরিচালক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা। রবিবার (১৬ জুলাই) দিনভর ওই অভিযান চালান তারা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের এ বিষয়ে জানানো হয়। এসময় চিকিৎসার উপকরণসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, ১১ মাস আগে দিনাজপুর শহরের বালুবাড়ী পানির ট্যাংক এলাকায় আবাসিক ভবনের নিচতলা ভাড়া নিয়ে ‘কে.আর লায়ন আই হাসপাতাল’ নামে চক্ষু চিকিৎসাকেন্দ্র খুলেন রেজাউল করিম চৌধুরী নামে একজন ভুয়া চিকিৎসক। তিনি সেখানে চোখের ছানি অপারেশনসহ চক্ষু ক্যাম্প পরিচালনা করে আসছিলেন। ১১ মাসের মধ্যে শতাধিক রোগীর চোখে অপারেশন করাসহ জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল ওই চিকিৎসক। অপারেশন থিয়েটার এবং রোগীর বেডও স্থাপন করা হয়েছে ওই হাসপাতালে।

র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ (ক্রাইম প্রিভেনশন কোম্পানি) ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, ‘সরকারি অনুমোদন ছাড়াই হাসপাতালটি চালাচ্ছিলেন ভুয়া চিকিৎসক রেজাউল করিম। তার শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্রও জাল। এ বিষয়ে অভিযান পাওয়ার পর রবিবার সেখানে দিনভর অভিযান চালানো হয়। পরে ভুয়া বিষয়টি নিশ্চিত হওয়ার পর হাসপাতালের পরিচালক চিকিৎসককে আটক করাসহ হাসপাতাল সিলগালা ও মালামাল জব্দ করা হয়।

অভিযানে অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. শামীমা নাজনীন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেনসহ অন্যান্যরা। হাসপাতালটি সিলগালা এবং মালামাল জব্দ করা ছাড়াও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

/এআর/