কুড়িগ্রামে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

কারাদণ্ডকুড়িগ্রামে হত্যার দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা জজ আদালত। বৃহস্পতিবার আসামি মো. জিয়াউর রহমানের (২২) বিরুদ্ধে ৩০২ ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দায়রা জজ এ এইচ এম ইলিয়াস হোসাইন এই রায় প্রদান করেন। পাশাপাশি ওই যুবকের ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সামছুদ্দোহা রুবেল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন।
মামলার বিবরণ সূ‌ত্রে জানা যায়, আসামি জিয়াউর রহমানের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন পরে ওই মেয়ে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাশেদুল ইসলাম রাশেদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৪ সা‌লের ২৬ ডি‌সেম্বর সন্ধ্যায় আসামি জিয়াউর রহমান তার এক বন্ধুর সহায়তায় রাশেদুল ইসলাম রাশেদকে তার নিজ বাড়ির সামনেই ছুরিকাঘাত করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের পিতা মো. আনিছুর রহমান বাদী হয়ে জিয়াউর রহমানসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আসামি জিয়াউর রহমানও ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে হত্যাকা‌ণ্ডের কথা স্বীকার করে।
/এমও/