বীরপ্রতীক তারামন বিবিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে

তারামন বিবি

বীরপ্রতীক তারামন বিবির শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। শনিবার তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়। তারামন বিবির ছেলে মো.আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্বাসকষ্ট ও হৃদরোগের কারণে তাকে শুক্রবার রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে আবু তাহের জানান, ‘আমার মা অনেক বেশি অসুস্থ । শ্বাসকষ্টের পাশাপাশি তার হার্টেও সমস্যা দেখা দিয়েছে। আমার মা চান তাকে যেন দেশের বাইরে,অর্থাৎ ভারতের ভালো কোনও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হোক। এটা মায়ের শেষ চাওয়া। আমরাও সরকারের কাছে একই আবেদন জানাচ্ছি।’

বীরপ্রতীক তারামন বিবিকে ঢাকায় পাঠানোর বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান জানান, রংপুর সিএমএইচে গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য বীর প্রতীক তারামন বিবিকে ঢাকায় পাঠানো হয়েছে। সেনা বাহিনীর হেলিকপ্টারে করেই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,‘তারামন বিবির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। শুক্রবার (৪ আগস্ট) তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির পর রাতে রংপুর মেডিক্যাল কলেজের কার্ডিওলজি বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হরিপদ সরকার তার স্বাস্থ্য পরীক্ষা করেন।

তারামন বিবির পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট আর কাঁশিতে ভুগছেন। তবে কয়েক দিন ধরে এটা বেড়েছে। তিনি  নিজে নিজে হাঁটা চলাও করতে পারছিলেন না। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (০৪ আগস্ট) কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, বীরপ্রতীক তারামন বিবির প্রকৃত নাম তারামন বেগম। তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ায়। মুক্তিযুদ্ধে কুড়িগ্রামের শংকর মাধবপুরে ১১ নং সেক্টরে কমান্ডার আবু তাহেরের অধীনে অংশ নেন তিনি। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ১৯৭৩ সালে তাকে বীরপ্রতীক খেতাব দেয় বাংলাদেশ সরকার। ১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর তার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় এই সম্মাননা। সরকার তাকে কুড়িগ্রাম শহরে জমিসহ একটি বাড়ি তৈরি করে দিলেও তারামন বিবি বেশির ভাগ নিজের গ্রামের বাড়িতে থাকেন।

/জেবি/

আরও পড়তে পারেন: 
আশুলিয়ায় গোলাগুলি: দুই পায়ের রগ কেটে দেওয়া বিএনপি কর্মীকে আসামি করে মামলা