দিনাজপুরে ৩ নব্য জেএমবি সদস্যের বিচার শুরু

আইন-আদালতদিনাজপুরে রেলস্টেশনে হামলার প্রস্তুতি নেওয়ার সময় আটক তিন নব্য জেএমবি সদস্যের বিরুদ্ধে দায়ের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রথম দিনে মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ করা হয়। আগামী ২৯ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আজিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ  দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলামের আদালতে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া রেলস্টেশনে হামলার প্রস্তুতি গ্রহণের মামলার সাক্ষ্যগ্রহণ করা হয়। এ মামলায় গ্রেফতার তিন নব্য জেএমবি সদস্য হাকিমপুর উপজেলার পাউসগাড়া গ্রামের আবু নাঈম মো. ফারুকী আজম ওরফে নাঈম, একই উপজেলার বাগদোড় গ্রামের মোজাহিদুল হক ওরফে মাফতুস ও ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের গালিবুর রশিদ গালিবকে আদালতে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণের প্রথমদিন মামলার বাদী ডিবির এসআই ফরিদুল ইসলাম সাক্ষ্য দেন।

পরে আদালতের বিচারক মামলার তিন সাক্ষী ডিবি পুলিশের এসআই হাবিবুল ইসলাম, এসআই বজলুর রশিদ ও এএসআই  সানোয়ার হোসেনকে আগামী ২৯ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২১ জুন রাতে হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী ডাঙ্গাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে ঈদগাহ মাঠ থেকে ডিবি পুলিশ ওই তিন নব্য জেএমবি সদস্যকে আটক করে। আটক তিনজন ২০১৬ সালের ২৫ জুন জঙ্গি ও নাশকতা কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে তারা জেলার বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সরকারি কর্মকর্তাকে হত্যার পরিকল্পনা ছিল বলে জানায়।

/বিএল/