‘জাগো বাহে কোনঠে সবাই’ বাংলার মানুষকে জাগানোর আহ্বান জানানো সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আজ (২৭ সেপ্টেম্বর) প্রথম মৃত্যু বার্ষিকী। কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে সৈয়দ শামছুল হককে স্মরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে কবির কবরে ফুল দেওয়া হয়। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। জেলা পুলিশ ও জেলা শিল্পকলা একাডেমি মোনাজাতে অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একটি শোক র্যালি বের করা হয়। কুড়িগ্রাম সরকারি কলেজ মিলনায়তনে কবির জীবনী নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু ছালেহ মো.ফেরদৌস খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাবিহা খাতুন, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মির্জা মো.নাছির উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সৈয়দ হকের ছোট ভাই অ্যাডভোকেট আজিজুল হক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু প্রমুখ।
অন্যদিকে কবির প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম জেলা শাখা সকাল ১০টার দিকে একটি শোক র্যালি বের করে। পরে র্যালিটি কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির কবরে পুষ্পার্ঘ অর্পণ করে। এসময় জোটেরে আহ্বায়ক শ্যামল ভৌমিক, সাংবাদিক দুলাল বোসসহ জোটের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়তে পারেন: মহাসপ্তমীতে ব্রাহ্মণবাড়িয়ার ৫২৮টি মণ্ডপে দেশ-জাতির জন্য বিশেষ প্রার্থনা