নাশকতার মামলায় যুবদল ও ছাত্রদলের ১৮ নেতাকর্মী কারাগারে

গাইবান্ধা জেলাগাইবান্ধায় বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাস দমন আইনের দুটি মামলায় পলাশবাড়ি উপজেলা যুবদল ও ছাত্রদলের ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা জজ আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক রাশেদা সুলতানা জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন পলাশবাড়ি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব সরকার বকুল, থানা ছাত্রদল যুগ্ম আ্হ্বায়ক রাজু সরকার ও সোহেল রানা, পলাশবাড়ি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিল্লাত হোসেন মিলন ও শামীম সরকার। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু জানান, পলাশবাড়ি উপজেলা সদরে ২০১৩ সালে অবরোধের সময় বাস, ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ২০১৫ সালে বিএনপির আন্দোলনের সময় পলাশবাড়িতে চালের একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ দুটি ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাস দমন আইনে পলাশবাড়ি থানায় পৃথক দুটি মামলা হয়। এরমধ্যে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার ১৪ জনসহ দুটি মামলায় মোট ১৮ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীকে আসামি করা হয়। 

তিনি আরও জানান, দুটি মামলায় ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মঙ্গলবার তারা গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। কিন্তু বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উচ্চ আদালতে আসামিদের জামিনের জন্য আবেদন করা হবে।

আরও পড়ুন:

‘ধর্ষক’ তুফানের বিরুদ্ধে চার্জশিট