বুধবার (১১ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে নেতাকর্মীরা গাইবান্ধা জেলা শহরের সার্কুলার রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে নিউ মার্কেটের সামনে পৌঁছালে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয় থেকে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিল করে নেতাকর্মীরা। মিছিলটি নিউ মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ পেছন থেকে তাদের লাটিচার্জ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া পুলিশ সাদুল্যাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাদুল্যাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছামছুলকে আটক করে।
ফোকাস বাংলার ফটোসাংবাদিক কুদ্দুস আলম বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের সময় আমি ছবি তুলছিলাম। এসময় পুলিশ সদস্য আমাকে ছবি তুলতে নিষেধ করে ও লাঞ্ছিত করে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহারিয়ার জানান, বিক্ষোভ মিছিলে বাধা দিলে নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে ওঠেন। এসময় একজনকে আটক করে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া সাংবাদিক লাঞ্চিত হওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।