যুবলীগ কর্মীকে মারধরের অভিযোগ র‌্যাবের বিরুদ্ধে

হাসপাতালের বিছানায় প্রভাত চন্দ্র রায় দিনাজপুরে র‌্যাবের বিরুদ্ধে প্রভাত চন্দ্র রায় নামে এক যুবলীগ কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ওই যুবককে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে র‌্যাবের দাবি, সরকারি কাজে বাধা দেওয়ায় ওই যুবককে আটক করা হয়েছিল। তাকে কোনও মারধর করা হয়নি।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৯ অক্টোবর) দিবাগত রাতে সিভিল পোশাকে দিনাজপুর সদর উপজেলার বাশেরহাট এলাকায় যুবলীগ নেতা হান্নান নামে এক আসামিকে ধরতে যায় র‌্যাব সদস্যরা। এ সময় সাদা পোশাকধারীদের পরিচয় এবং আটকের কারণ জানতে চায় প্রভাত চন্দ্র রায়। পরে র‌্যাব সদস্যরা তাকেও আটক করে নিয়ে যায়। ওই দিন গভীর রাতে প্রভাতকে সুস্থ অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে মর্মে পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় র‌্যাব। কিন্তু র‌্যাবের মারধরে গুরুতর আহত হওয়ায় মঙ্গলবার সকালে তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে প্রভাত জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের ৩৭নং বেডে চিকিৎসাধীন।

আহত  প্রভাত চন্দ্র রায় হাসপাতালের বেডে শুয়ে সাংবাদিকদেরকে জানান, ওই দিন সন্ধ্যায় র‌্যাব সদস্যরা সাধারণ পোশাকে কোতোয়ালি থানা যুবলীগের সহ সভাপতি হান্নানকে আটক করে। এ সময় তাদের পরিচয় ও আটকের কারণ জানতে চাইলে তারা কোনও কিছুই না বলে তাকে গাড়িতে তুলে নেয়। পরে র‌্যাব ক্যাম্পে নিয়ে এসে বেধড়ক মারধর করে। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে গভীর রাতে পরিবারের সদস্যরা তাকে নিয়ে যায়।

আহত প্রভাতের স্ত্রী মুক্তা রানী রায় জানান, তার স্বামীর বিরুদ্ধে থানায় বা কোথাও কোনও অভিযোগ নেই। বিনা অভিযোগেই র‌্যাব সদস্যরা তার স্বামীকে আটক করে মারধর করে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. পারভেজ সোহেল রানা জানান, মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা উন্নতির দিকে।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন র‌্যাব-১৩, দিনাজপুর সিপিসি ক্যাম্প-১ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। তিনি জানান, আসামি ধরার সময় র‌্যাব পরিচয় দেওয়ার পরও সরকারি কাজে বাধা দেয় ওই যুবক। এজন্য আসামিসহ ওই যুবককে আটক করা হয়। পরে ওই দিন গভীর রাতে সুস্থ অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে মারধরের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।

এদিকে, বুধবার জামিনে মুক্ত হয়েছেন কোতোয়ালি থানা যুবলীগের সহ সভাপতি হান্নান। তিনি জানান, প্রভাত চন্দ্র রায় ১নং চেহেনগাজী ইউনিয়ন যুবলীগের সদস্য। 

আরও পড়ুন:

ফটো সাংবাদিকের ওপর চড়াও এক ট্রাফিক সার্জেন্ট