গ্রাম পুলিশের সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কুড়িগ্রামকুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রাম পুলিশের এক সদস্যের বিরুদ্ধে এক  নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৯ অক্টোবর)ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ওই  নারী ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি একথা জানিয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলবাড়ী গ্রামের যগেন্দ্র নাথ রায়ের স্ত্রী রবিবার ভোরে মন্দিরে যান। সেখানে গ্রাম পুলিশের সদস্য হারুন ওরফে হাড্ডু ওই নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে তার চিৎকারে এলাকাবাসীরা  ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে।  

ভুক্তভোগীর স্বামী হারুনের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে হারুন বলেন,  ‘পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ফাঁসানোর জন্য এমন অভিযোগ করা হচ্ছে। আমি মোটেও এমন কোনও কাজ করিনি।’

কিষামত শিমুলবাড়ীর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল হক আমিন জানান, ঘটনাটি ন্যাক্কারজনক। বর্তমানে ওই গ্রাম পুলিশ সদস্য পলাতক রয়েছে। বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে।

নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জানান, লিখিত অভিযোগ পেলে ইউনিয়ন পরিষদে মিটিং করে ব্যবস্থা নেওয়া হবে।

ওসি বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’