সৈয়দপুরে টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

আটকনীলফামারীর সৈয়দপুরে ইসলামবাগ মোড়ে আনোয়ার হোসেন নামের এক গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হল- উপজেলা শহরের ইসলামবাগের মাহবুবের ছেলে দিলশাদ (৩২) ও নয়াটোলা এলাকার মৃত হাফেজের ছেলে সাজিদ (৩০)। গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ছিনতাইয়ের শিকার হয়েছিলেন গরু ব্যবসায়ী আনোয়ার হক।
অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী আনোয়ার হোসেন গরু কেনার জন্য দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর হাটে যাচ্ছিলেন। এ সময় শহরের ইসলামবাগ এলাকায় পৌঁছালে দিলশাদ ও সাজিদ ওই গরু ব্যবসায়ীকে আটক করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে গরু ব্যবসায়ী আনোয়ার থানায় এসে অভিযোগ দায়ের করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলী ছিনতাইয়ের অভিযোগে দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলা দায়ের করার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।’