ভারতে পাচারকা‌লে বাংলাদেশি তরুণী উদ্ধার




কুড়িগ্রামভারতে পাচারের সময় বাংলাদেশি এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিসাকোটাল সীমান্ত থেকে শুক্রবার স্থানীয়রা ফাতেমা খাতুন (২৫) নামের ওই তরুণীকে উদ্ধার করে।  ফাতেমা গাজীপুর জেলার সদর উপজেলার গাজীপুরা ইউনিয়নের বাসিন্দা। 

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার বিকালে খলিসাকোটাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৫-এর সাব পিলার ২ এসের পাশ দিয়ে ভারতে পাচারের জন্য ফাতেমাকে সীমান্তে নিয়ে আসে পাচারকারী  দ‌লের সদস্যরা। পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দারা ওই তরুণীকে উদ্ধার করে। এসময় পাচারকারীরা পা‌লি‌য়ে যায়। এরপর সংশ্লিষ্ট ওয়া‌র্ডের ইউপি সদস্য এরশাদুল হক ঘটনাস্থলে গিয়ে তরুণীকে তার বাড়িতে নিয়ে আসেন। পরে রাতেই তরুণীর পরিবারকে জানানো হয়।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই তরুণীকে তার বড় ভাই বিল্লাল হোসাইনের কাছে হস্তান্তর করা হয় বলে তিনি জানান।