নীলফামারীতে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

নীলফামারীনীলফামারীতে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি জিকরুল হককে (৩৩) প্রায় ৬ ঘণ্টা পর গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠনো হয়েছে।

নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আবুল বাশার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার জিকরুল হক ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী গ্রামের বাসিন্দা। সে একজন মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ডিমলা থানার দুজন এসআইসহ চারজন পুলিশ সদস্য মাদক বিক্রির সময় জিকরুল হককে তার বাড়ি থেকে দুই বোতল ফেনসিডিলসহ আটক করে। এসময় মাদক কেনার জন্য রাজা নামের আরেকজন তার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ সেই মোটরসাইকেলটিও জব্দ করেন। এরপর পুলিশ আটক জিকরুলকে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যাওয়ার সময় সে কৌশলে পেটে ব্যাথার কথা বলে চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পড়ে। এই অবস্থায় পুলিশ হাতকড়া পড়া হাতটি ছেড়ে দেয়। আর এই সুযোগে সে দৌড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় প্রায় ৬ঘণ্টা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে জেলার জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের একটি বাড়ি থেকে রাত ১টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় জিকরুল হক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে।

অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আবুল বাশার বলেন, ‘এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে দুপরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এ ঘটনায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।’