রসিক নির্বাচনে আচরণবিধি লংঘন না করতে রিটার্নিং কর্মকর্তার লিফলেট

রসিক নির্বাচনরংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আচরণবিধি লংঘন না করার জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার লিফলেট বিতরণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সামনে থেকে তিনি লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে ইতোমধ্যে তিন মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা সবাই আচরণবিধি কঠোরভাবে মেনে চলবেন বলে লিখিত অঙ্গিকার দিয়েছেন। আচরণবিধি লংঘনকারী যেই হোক, তাদেরকে কোনও ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক, সে জন্য নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ এ সময় উপস্থিত জেলা নির্বাচন অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।