ব্রিজ ভেঙে ১০টি ইউনিয়নের যোগাযোগ বন্ধ





ঠাকুরগাঁও শহরের উত্তরপাশের সেনুয়া বেইলি ব্রিজটি মালবাহী ট্রাকসহ ভেঙে পড়েছে ঠাকুরগাঁও শহরের উত্তরপাশের সেনুয়া বেইলি ব্রিজটি মালবাহী ট্রাকসহ ভেঙে পড়েছে। এতে প্রায় ১০টি ইউনিয়নের কয়েক লক্ষাধিক মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে ওইসব এলাকার মানুষ।

ব্রিজটি ভেঙে যাওয়ার সময় ব্রিজের ওপরে থাকা আইনুল হক (৬৫) নামে এক পথচারীসহ তিন জন আহত হন। আইনুল বরুনাগাও এলাকার ধন মোহাম্মদের ছেলে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়লা বোঝাই একটি ট্রাক সেনুয়া বেইলি ব্রিজটির ওপর উঠলেই ব্রিজটির উত্তর পাশের অংশটি ভেঙে পড়ে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানিয়েছেন শহরের ঠিকাদার রামবাবুর ভাটায় কয়লা নেওয়ার সময় দশ চাকার ট্রাকটির অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে।

ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মন জানান, সেনুয়া বেইলি ব্রিজটি অনেকদিন আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবুও ওই ব্রিজটি দিয়ে মানুষ ভারী যানবাহন নিয়ে চলাচল করছিল। ফলে ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজ মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। দ্রুত ব্রিজ মেরামত করে যান চলাচলের জন্য স্বাভাবিক করা হবে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্রিজটি মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’