আজ হিলি মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের ৭নম্বর সেক্টরের আওতায় থাকা দিনাজপুরের হিলি শত্রুমুক্ত হয়। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
এ উপলক্ষে সোমবার সকাল সোয়া ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট সড়কে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় চত্বর থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে ও হাকিমপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুহাড়াপায় গিয়ে শেষ হয়। র্যালিতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীন, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ হারুন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন প্রমুখ।