এমপি’র মৃত্যুতে সুন্দরগঞ্জে শোকের ছায়া

এমপির বাড়িতে স্বজনরা

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এক মাস চিকিৎসাধীন থাকার পর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি গোলাম মোস্তফা আহম্মেদের মৃত্যুতে সুন্দরগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে আজ সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সদস্যরাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী ও ছাত্রছাত্রীরা কালো ব্যাচ ধারণ করেছে। এছাড়া সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়েছে। এমপি গোলাম মোস্তাফা আহম্মেদ সুন্দরগঞ্জ উপজেলার আপামর জনসাধারণের কাছে মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত ছিলেন।

বর্ষিয়ান এ নেতা সাদামাটা জীবন যাপন করতেন উল্লেখ করে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাজেদুল ইসলাম বলেন,‘এমপি গোলাম আহম্মেদ আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা ছিলেন। তিনি একাধারে শিক্ষক, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি ছিলেন। রাজনৈতিক অঙ্গণে তিনি একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সঙ্গে তার চলাফেরা ছিল সাধারণ।’

৮৬চট

শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হুদা রাজু বলেন, ‘ তিনি একাধারে শিক্ষক, কবি ও সাহিত্যিক ছিলেন। রাজনৈতিক ও সামাজিক অঙ্গণে গোলাম মোস্তফা আহম্মেদের যথেষ্ট অবদান রয়েছে।’

সুন্দরগঞ্জ পৌর মেয়র ও সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গোলাম মোস্তাফা আহম্মেদ এমপি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে সার্বিকভাবে কাজ করে আসছিলেন। কিন্তু তার মৃত্যুতে এখন উন্নয়ন কাজগুলো অসমাপ্ত রয়ে গেল।’ 




শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘তিনি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর, চন্ডিপুর ও কাপাসিয়াসহ আপামর জনসাধরণের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি এলাকার মানুষের বিপদে অপদে সার্বিক সহযোগিতা করতেন।’

বাড়ির উঠানে এমপির কবর খোঁড়া হচ্ছে

গোলাম মোস্তাফা আহম্মেদের ভাতিজা সাকোয়াত হোসেন বলেন, ‘এমপি গোলাম মোস্তাফা আহম্মেদের প্রথম জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। পরে তার লাশ দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকাপ্টারে করে গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টোডিয়াম মাঠে আনা হয়। পরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ তার নিজ বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে  তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর বাড়ির উঠানে তাকে দাফন করা হবে।’ 

 আরও পড়ুন: নারায়ণগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেফতার