দলীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে এরশাদ ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি রংপুর নগরীর দর্শনা এলাকায় নিজ বাড়ি পল্লী নিবাসে যান। এরপর তিনি বাড়ি থেকে বের হননি কিংবা নিজ দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেননি।
একইভাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিয়ার রহমান রাঙ্গা ভোট দিতে রংপুরে অবস্থান করছেন। গত তিন দিন ধরে তিনি রংপুরে অবস্থান করলেও দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেননি। তিনি কোনও গাড়িও ব্যবহার করছেন না। আজ বুধবার সকালে তাকে একা রিকশায় নগরীতে ঘুরতে দেখা গেছে। তিনি প্রেসক্লাবে গিয়ে পত্রিকার হকারদের সঙ্গে খোশ-গল্প করে চা পান করেন। এরপর তিনি এক বাল্যবন্ধুর বাসায় গিয়ে নাস্তা করে নগরী ঘুরে বাসায় ফিরে যান।
মশিয়ার রহমান রাঙ্গা জানান, ভোট দিতেই তার রংপুরে আসা। দলের প্রার্থীর পক্ষে কোনও প্রচারণা তো দূরে থাক, কারও সঙ্গে তার দেখাও হয়নি।
তিনি আরও জানান, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হবে এমন কোনও কাজ তিনি করেননি। তার গাড়ি ব্যবহার করার প্রয়োজন নেই। দরকার হলে পায়ে হেঁটে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন বলেও জানান তিনি।
এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রাঙ্গা জানান, বৃহস্পতিবার সকালে এরশাদ সেনপাড়া ভোটকেন্দ্রে ভোট দেবেন। তিনি গুপ্তপাড়ায় ভোট দেবেন।
জানা গেছে, এরশাদ নগরীর নিউ সেনপাড়া স্কুলে ভোট দিয়ে থাকেন। অন্যদিকে, রাঙ্গা নগরীর গুপ্তপাড়ায় সালমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এরশাদ দলীয় প্রার্থী মোস্তফার নির্বাচনি এজেন্টের গাড়িতে করে ভোট কেন্দ্রে যাবেন।