বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে বেসরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত রসিক মেয়র বলেন, ‘রংপুরে জাতীয় পার্টির যে অবস্থান রয়েছে তাতে লাঙলই যে জয়ী হবে, তা আমি আগেই বলেছিলাম। জনগণের দেওয়া রায়ে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। ’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) কথা দিয়েছিল, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। কমিশন সেই কথা রেখেছে। এ কারণে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। তবে এই অবাধ,নিরপেক্ষ নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশন কিংবা সরকার নয়, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।’
এসময় তিনি রংপুর সিটি করপোরেশনকে একটি আধুনিক সিটি করপোরেশন হিসেবে গড়ে তোলার আশাবাদ জানান।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রসিকে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা ৯৮ হাজার ৮৯ ভোট বেশি পেয়েছেন। ১৯৩ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রাতে মোস্তফাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
শহরের কাছারিবাজার এলাকায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক বেসরকারি এই ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার।
মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙল প্রতীকে লড়ে পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র শরফ উদ্দিন ঝন্টু পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট।