সাদুল্যাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ: তিন জনের জবানবন্দি





গ্রেফতার তিন জনগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার তিন জন। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা জবানবন্দি দেন। আদালতের বিচারক রমেশ কুমার দাগা তাদের জবানবন্দি রেকর্ড করেন।

জবানবন্দি দেওয়া তিন জন হলেন, নলডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক দুদু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২২), কিশামত হামিদ গ্রামের মাহফুজার রহমানের ছেলে বাবু মিয়া (২১) ও পশ্চিম খামার দশলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২২)।

শনিবার রাত পৌনে ৯টার দিকে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক হয় তিন যুবক। পরে ছাত্রীর চাচা আবদুল হালিম বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শনিবার দুপুরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরপর আদালতে সোহাগ, বাবু ও শরিফুল ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বর্তমানে তারা তিন জনই গাইবান্ধা জেলা কারাগারে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই ছাত্রীকেও জবানবন্দি নেওয়ার জন্য একই আদালতে হাজির করা হয়। পরে বিচারক তার জবানবন্দি রের্কড করেন। জবানবন্দির পর গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর দুই আসামিকে গ্রেফতার করতে অভিযান চলছে।’

আরও পড়তে পারেন: স্কুলছাত্রীকে ধর্ষণ: দায়ীদের বিচার দাবিতে নলডাঙ্গায় হরতাল