১৭ মাস কারাভোগের পর দেশে ফিরে গেলেন ভারতীয় নাগরিক

দেশে ফেরত যাচ্ছে ভারতীয় নাগরিক

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিক পরাজয় বর্মণ (২৮) দেশে ফিরে গেছেন। দীর্ঘ ১৭ মাস কারাভোগ শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তাকে ভারতীয় অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ।

হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন চেকপোস্ট এলাকা দিয়ে ভারতের হিলি ইমিগ্রেশন ওসি বিকাশ মণ্ডলের হাতে ওই যুবককে তুলে দেন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের ও বিএসএফের হিলি চেকপোস্ট কমান্ডার সরদার সিং উপস্থিত ছিলেন।

ভারতে ফেরত যাওয়া পরাজয় বর্মণ ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বিলপাড়া গ্রামের রামলগন বর্মণের ছেলে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ১৭ মাস আগে কোনও ধরণের বৈধ কাগজপত্র ছাড়া ভারতীয় ওই যুবক হিলির ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকে।  তখন বিজিবি সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করে। পরে তাকে আদালতে নেওয়া হলে বিচারক তাকে এক বছরের সাজা দেন। সাজার মেয়াদ শেষ হলেও দুদেশের মধ্যে চিঠি চালাচালির পর তিনি আজ কারাগার থেকে মুক্তি পান। কারা কর্তৃপক্ষ তাকে আমার কাছে হস্তান্তর করেন। পরে আমি তাকে ভারতীয় অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করি।

আরও পড়ুন: নির্মাণ কাজ শেষ হওয়ার পরই ভেঙে পড়েছে কালভার্টের একাংশ