রংপুরে শীতজনিত রোগ বাড়ছে, কাজ করবে ৬২টি মেডিক্যাল টিম

শীতে জবুথবু লোকজনরংপুরে প্রচন্ড শৈত্যপ্রবাহে জনজীবন একেবারে অচল হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। এদিকে শীতজনিত রোগবালাই বিশেষ করে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের বেশির ভাগই শিশু ও বয়স্ক মানুষ। শীতজনিত রোগে গত তিন দিনে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১০ শিশু ভর্তি হয়েছে।

হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. মনিরুজ্জামান জানান, গত তিন দিনে ২১০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুরা কোল্ড ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া শ্বাসকষ্ট, নিউমোনিয়া রোগেও আক্রান্ত হচ্ছে।

তিনি বলেন, এসব রোগ থেকে শিশুকে রক্ষা করতে গরম কাপড় পড়ানো জরুরি। মায়েদের খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন বাচ্চাদের শীত না লাগে। তবে বেশি অসুস্থ মনে হলে স্বাস্থ্যকেন্দ্র কিংবা হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে শীতে অসুস্থ নারী, পুরুষ ও শিশুদের জরুরি চিকিৎসার জন্য রংপুর বিভাগের আট জেলার ৫৪টি উপজেলায় ৬২টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের উপ পরিচালক ডা. শাহিনা আখতার জানান, জরুরি সেবা দিতে জেলায় ৬২টি মেডিক্যাল টিম কাজ করবে।

রংপুরে আজ সোমবার তাপমাত্রা ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আলী জানান, তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।