বিজিবিকে বিএসএফের মিষ্টি উপহার

ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবসে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পাশাপাশি বিএসএফকেও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্য রেখায়  বিএসএফের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি জগদিশ প্রসাদ বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছেরের হাতে বিএসএফের পক্ষ থেকে মিষ্টি তুলে দেন।

পরে বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করেন। এসময় সেখানে বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জামিল বাসা, চেকপোস্ট কমান্ডার ওয়াজির চান্দ ও বিজিবির হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক মিজানসহ উভয় বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের বাংলা ট্রিবিউনকে জানান, আজ ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আমাদের মিষ্টি ও লাড্ডু উপহার দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি আমরাও তাদের ফুল ও মিষ্টি উপহার দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছি।

তিনি আরও জানান, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সুষ্ঠু ও সুন্দরভাবে দুই বাহিনী যেন একসঙ্গে মিলে-মিশে কাজ করতে পারে সেজন্য দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। এমন কর্মকাণ্ডের ফলে দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি জানিয়েছেন।