শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে রংপুর টাউন হলে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ক্যারিশমা, দৃঢ় মনোভাব আর একাগ্রতার কারণেই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। তিনি সব বাধাকে পায়ে ঠেলে, এমনকি গ্রেনেড হামলায় নিজের শ্রবণ শক্তিকে খুইয়েও এদেশের মানুষের মুক্তি, রাজনৈতিক মুক্তি, সামাজিক অগ্রগতি ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার সংগ্রামে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছেন।’
মতিয়া চৌধুরী বলেন, ‘সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে জনগণের ভালাবাসায় সিক্ত হয়ে আল্লাহর রহমতে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ১০ লাখ রোহিঙ্গার বোঝাকে তুচ্ছ মনে করে অনায়াসে বাংলাদেশের মানুষের জন্য সারা পৃথিবীর অকুন্ঠ সমর্থন কুড়িয়ে এনেছেন। তিনি এখন সারা পৃথিবীর রোল মডেলে পরিণত হয়েছেন।’
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সামনে নির্বাচন নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে কাজ করতে হবে।’
মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, অর্থ সম্পাদক টিপু মুন্সি , জেলা সভাপতি মমতাজ উদ্দিন সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ অন্যান্য নেতারা।