দিনাজপুরে ছয় দিনেও দুই বোনের সন্ধান মেলেনি

নিখোঁজ দুই বোনদিনাজপুরে একই পরিবারের দুই শিশু ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবার ও এলাকারবাসীর অভিযোগ তাদেরকে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় প্রথমে অভিযোগ ও পরে মামলা করা হয়। এখনও তাদের সন্ধান মেলেনি। তবে পুলিশ বলছে, শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।

নিখোঁজ কাকলী (১২) ও আমিনা (৪) দিনাজপুর শহরের কসবা ফকিরপাড়া এলাকার কামরুল ইসলামের মেয়ে।

স্বজনদের দাবি ২২ জানুয়ারি দুপুরে বাসার পাশে খেলতে যায় তারা। তারপর আর বাসায় ফেরেনি। এই ঘটনায় ওই দিনই পরিবারের পক্ষ থেকে দিনাজপুর কোতোয়ালি থানায় জিডি এবং পরবর্তীতে ২৪ জানুয়ারি চার জনকে আসামি করে একটি মামলা করা হয়। পুলিশ এজাহারে নাম থাকা লিটন, জান্নাতুল ফেরদৌস, রোখসানা ও নাজমা বেগমকে আটক করেছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, এই ঘটনায় প্রথমে একটি সাধারণ ডায়েরি ও পরে একটি মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় এজহারনামীয় চার আসামিকে আটক করা হয়েছে। অতিদ্রুত এই মামলার জট খুলবে বলে।

স্থানীয় মহসীন আলী জানান, এর আগে এই ধরনের ঘটনা কখনও ঘটেনি। পূর্ব শত্রুতার বশে এটি হতে পারে বলে জানান তিনি।

স্থানীয় শরিফুল ইসলাম জানান, যাদের নামে মামলা করা হয়েছে, তারা এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসা নিয়ে কথা বলা এবং জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ওই দুই শিশুকে অপহরণ করা হয়েছে।

দিনাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমজান আলী জানান, এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী লিটন নামে একজনকে আটক করে। এরপর সে ওই দুই শিশুকে অপহরণ করা হয়েছে বলে স্বীকার করে। এখন ওই দুই শিশু কোথায় আছে তা নির্ণয় করে উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

ওই দুই শিশুর মা রুমা আক্তার জানান, যারা তার সন্তানদেরকে অপহরণ করেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। একইসঙ্গে সন্তানদেরকে তার কোলে তুলে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।