ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক

সীমান্তজেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে আব্দুল বারেক (২৫) নামে এক বাংলদেশিকে আটক  করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আটক  আব্দুল বারেকের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার বড় চুইগাতী গ্রামে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৭১, বিএসএফ সোনামতি ক্যাম্পের সদস্যরা রত্নাই সীমান্তের ৩৮৩/৩ ওয়ান ও টু এস সীমান্ত পিলারের ওপারে ভারতীয় অংশ থেকে তাকে আটক করে।

বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন জানান, এ ব্যাপারে আটক বাংলাদেশিকে ফেরত চেয়ে বিএসএফ’র কাছে চিঠি পাঠানো হয়। আজ  বেলা ১১টায় এ ব্যাপারে ৩৮২/২ এস পিলারের কাছে নোম্যানস ল্যান্ডে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আটক বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

বৈঠকে ভারতের পক্ষে এসআই  পাড্ডা ও বাংলাদেশের পক্ষে রত্নাই কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আবদুস সালাম উপস্থিত ছিলেন।