দিনাজপুরের হিলি থেকে বিএনপি জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসিতদন্ত) মো. আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকার ইয়াকুব আলী সরদারের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার (৪৪), মুহাড়াপাড়া এলাকার রমজান আলীর ছেলে ও বিএনপি কর্মী মাহে আলম (৪০), চন্ডিপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে ও বিএনপি কর্মী মাহফুজ আলম (৩৮), ধাওয়া নশিপুর এলাকার শমসের আলীর ছেলে ও জামায়াতের সক্রিয় কর্মী নুর ইসলাম (৩৯)।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসিতদন্ত) মো. আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনিত ঘটতে পারে এমন অভিযোগে তাদের আটক করা হয়েছে। গতকাল রাতে হিলির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারা মোতাবেক তাদের আটক করা হয়েছে। এদের মধ্যে ৩ জন বিএনপির নেতাকর্মী ও একজন জামায়াতের কর্মী রয়েছে। তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হবে।