পঞ্চগড়ে বিএনপির মিছিলে পুলিশের বাধা, আটক ৪

বিএনপির মিছিল থেকে আটক করা হচ্ছে এক নেতাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে পঞ্চগড়ে তাৎক্ষণিক মিছিল করে স্থানীয় নেতাকর্মীরা। এ সময় মিছিলে বাধা দেয় পুলিশ। সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানসহ চার জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রায় ঘোষণার পর বিএনপির একটি মিছিল শহরের ডোকরোপাড়া এলাকা থেকে বের হয়ে শহরের চৌরঙ্গী মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের সামনে মিছিলে বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দিতে থাকলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে ধাওয়া দেয়। মিছিল থেকে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, ছাত্রদল নেতা শাওন ও মওদুদকে আটক করে পুলিশ। এ সময় জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে। তারা আটক নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টা করে।

বিএনপির মিছিল থেকে আটক নেতাকর্মীরাসদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম সরকার চার জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরে আইনশৃঙ্খলা বাহিনী টহলে রয়েছে।