সহকারী রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে রিটানিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিনের উপস্থিতিতে দাখিল করা পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। দাখিল করা প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদের মনোনয়নপত্রে ক্রটি থাকায় তা বাতিল করা হয়।
তিনি আরও জানান, স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদের মনোনয়নপত্র বাতিল করার পর চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৪ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আফরোজা বারী, জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, গণফ্রন্টের শরিফুল ইসলাম ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খাঁন।
তবে মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব মাসুদ মোবাইলে বলেন, ‘মনোনয়নপত্র বৈধ করতে তিনি আপিল করবেন।’
আগামী ১৩ মার্চ এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নের ভোটাররা ১০৯টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।