কুড়িগ্রামের সদ্য বিদায়ী জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে জেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (২ মার্চ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সম্মিলিতভাবে এ বিদায়ী সংবর্ধনা জানায়।
এসময় জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান কুড়িগ্রাম জেলার মানুষের প্রশংসা করে বলেন, ‘এ জেলার মানুষের মতো এত সুন্দর করে কথা বলার মানুষ আমি আমার চাকরি জীবনে কোথাও পাইনি।’ জেলার ভূমির উর্বরা শক্তিকে কাজে লাগিয়ে কৃষি ক্ষেত্রে বিপ্লব সাধনের আহ্বানও জানান জেলা প্রশাসক।
জেলার পানি সম্পদের সর্বোত্তম ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বন্যার সময় ছাড়া বছরের প্রায় নয় মাস এ জেলার পানি সম্পদকে ব্যবহার করে খাঁচায় মাছ চাষ প্রকল্পের সম্প্রসারণ করা যেতে পারে।’ চলমান উন্নয়ন কাজগুলো বাস্তবায়নে নতুন জেলা প্রশাসক আরও বেশি সক্রিয় থাকবেন প্রত্যাশা করে তাকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান সদ্য বিদায়ী এ কর্মকর্তা।
উল্লেখ্য, সম্প্রতি কুড়িগ্রামের জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সুলতানা পারভীনকে কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে অভিষিক্ত করা হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে আগামীকাল ( ৩ মার্চ) তিনি দায়িত্ব গ্রহণ করবেন।