৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় আলোচনা সভাজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বাংলাদেশের স্বাধীনতার টর্চলাইট হিসেবে অভিহিত করেছেন দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মণ্ডল। বুধবার সকালে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
উপজেলা বিএনপি সভাপতি বলেন, ‘অন্ধকারে যেমন প্রদীপ জ্বালালে আমরা আলো পাই, অন্ধকারে যেমন একটা টর্চলাইট দিয়ে আমরা পথ দেখতে পাই, তেমনি সেই ভাষণটিও বাংলাদশের স্বাধীনতার একটি টর্চলাইট। আর বঙ্গবন্ধু ৭ মার্চ ওই ভাষণ দিয়েছিলেন বলেই ২৬ মার্চ স্বাধীনতা দিবস ঘোষণা হয় এবং আমরা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র পাই।’
৭ মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় র্যালি৭ মার্চের ভাষণ সম্পূর্ণ আলাদা ধরনের একটি ভাষণ ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমানের ভাষণকে নিয়ে অন্য কোনও দলের বা অন্য কারও কোনও সমালোচনা করার প্রশ্নই আসে না। এটাকে অন্য কোনও ভাষণের সঙ্গে মেলানো যাবে না। ৭ মার্চ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়ার কারণে এই ভাষণটি বাংলাদেশের স্বাধীনতার একটি দলিল। এই ৭ মার্চকে কেন্দ্র করে আমরা বাংলাদেশ পেয়েছিলাম।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।