ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

থ্রি-হুইলার উল্টে দু’জন নিহত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় থ্রি-হুইলার (পাগলু) উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। বুধবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় পীরগঞ্জ-কাতিহার পাকা সড়কের বেগুনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজিলা (৬০) ও কবিতার (৬) বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। তারা রানীশংকৈলে শ্রমিকের কাজ করতো। নিহতরা সম্পর্কে নানি-নাতনি বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রানীশংকৈল থেকে যাত্রীবোঝাই একটি থ্রি-হুইলার পীরগঞ্জে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুজন সম্পর্কে নানি-নাতনি বলে জানা গেছে। তাদের লাশ ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্তসাপেক্ষে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।