উন্নয়নশীল দেশে উত্তরণে কুড়িগ্রামে ঘোড় দৌড় ঘোড় দৌড় প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন করেছে কুড়িগ্রামবাসী। বৃহস্পতিবার (২২ মার্চ) বিকালে ধরলা সেতুর পূর্বপাশে প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্ক প্রাঙ্গণে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এই আয়োজন করে।
প্রতিযোগিতায় ২৭ জন অশ্বারোহী অংশ নেন। তিন পর্বে অনুষ্ঠিত এই খেলায় চূড়ান্ত পর্বে অংশ নেন পাঁচ জন অশ্বারোহী। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নওগাঁ থেকে আগত অশ্বারোহী তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাজমুল ইসলাম। দ্বিতীয় স্থান অধিকার করে বামনডাঙ্গার শিশু প্রতিযোগী মিলন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে আয়োজকদের পক্ষ থেকে ১০ হাজার টাকা এবং জেলা পরিষদের পক্ষ থেকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন সভাপতিত্ব করেন। সঞ্চালন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ।
প্রতিযোগিতায় বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণঘোড় দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী এবং পুলিশ সুপার মো. মেহেদুল করিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল,সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।