ভুট্টার বীজ নিয়ে প্রতারণার শিকার হয়ে কৃষকদের মানববন্ধন

 কৃষকদের মানববন্ধননীলফামারীর জলঢাকায় সুপার-৪৫ হাইব্রিড ভুট্টার বীজ লাগিয়ে প্রতারিত হওয়ার প্রতিবাদ ও ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।

রবিবার (২৫ মার্চ) বিকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের চর-ভাবনচুর এলাকার কৃষকেরা ওই মানববন্ধন করেন।

মানববন্ধনে কৃষকরা বলেন, পদ্মাসিড কোম্পানির প্রচার প্রচারণায় আগ্রহী হয়ে ওই জাতের বীজ কিনে জমিতে রোপণ করি। কিন্ত বীজ লাগানোর দুই মাস পেরিয়ে গেলেও গাছের উচ্চতা ১ থেকে দেড় ফিট শুধু ফুল ধরেছে যা থেকে (মোছা) ফল পাওয়া অসম্ভব।

বক্তরা আরও বলেন, আমাদের মতো অনেকেই শত শত বিঘা জমিতে এ কোম্পানির বীজ লাগিয়ে প্রতারিত হয়েছে। আমরা এই কোম্পানির বিচার ও কৃষকের ক্ষতি পূরণের দাবি জানাই। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার ও কৃষি কর্মকর্তা মাহফুজুল হকের মাধ্যমে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নিকট একটি স্মারক লিপি পেশ করেন।

এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা বলেন, আইনের মাধ্যমে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে। এ ছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে এ বীজ কিনে তা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো কোম্পনির বিরুদ্ধে। যাতে করে কৃষকেরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারেন।