আটক সৌরভ গাইবান্ধা পৌর শহরের ডেভিট কোং পাড়ার আবদুল্লাহর ছেলে। পৌর পার্ক এলাকায় একটি পানের দোকান রয়েছে তার।
আহত পুলিশ সদস্যরা হলেন, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ, সদর পুলিশ ফাঁড়ির শিক্ষানবিশ (এটিএসআই) আবদুস সাত্তার ও সানোয়ার হোসেন। তাদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহারিয়ার জানান, পৌর পার্ক এলাকা থেকে সৌরভ মিয়াকে ছিনতাইকারী সন্দেহে আটক করে পুলিশ। আটকের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছিল। এসময় হঠাৎ তিনি ব্লেড দিয়ে তিন পুলিশ সদস্যর হাতে আঘাত করে পালানোর চেষ্টা করে।
তিনি আরও জানান, ব্লেডের আঘাতে উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ, আবদুস সাত্তার ও সানোয়ারের হাত কেটে গেছে। তবে ব্লেডের আঘাতে আবু সাঈদের ডান হাত কেটে মারাত্মক জখম হয়েছে। তাদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক সৌরভ মিয়াকে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় সৌরভের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, আটক সৌরভের বিরুদ্ধে থানায় কোনও মামলা আছে কিনা তা খতিয়ে দেখাসহ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।