সরেজমিন কুড়িগ্রাম জেলা শহরের ওয়েলফেয়ার কোচিং একাডেমি, প্রগ্রেস কোচিং সেন্টারসহ কয়েকটি কোচিং সেন্টারে গিয়ে দেখা গেছে, সরকারি নির্দেশ উপেক্ষা করে এইচএসসি পর্যায়ের কোচিং ক্লাস চালু রেখেছে এসব কোচিং সেন্টার।
কোচিং বন্ধ রাখার সরকারি নির্দেশ থাকার পরও কেন কোচিং সেন্টারে পাঠদান চালু রাখা হয়েছে জানতে চাইলে প্রগ্রেস কোচিং সেন্টারের পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, আমরা আজ ( ০১ এপ্রিল) ক্লাস চালু রাখলেও আগামীকাল সোমবার (০২ এপ্রিল) থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী কোচিং বন্ধ রাখবো।’
এ ব্যাপারে ওয়েলফেয়ার কোচিং একাডেমির পরিচালক আলী আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার কারণে কোচিংয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়েছে। এখন শুধু একাদশ শ্রেণির ক্লাস চলছে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ বলেন, ‘নির্দেশনা অমান্য করে যেসব কোচিং সেন্টারে ক্লাস চলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন বলেন, ‘সরকারি নির্দেশনা পালন করার জন্য আমরা সব কোচিং সেন্টারকে জানিয়েছি। এরপরও যদি কোনও কোচিং সেন্টার চালু থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’