হিলি স্থলবন্দরে নতুন ওয়েব্রিজ স্থাপনের সিদ্ধান্ত

দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ৪৭তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বন্দরের আমদানি-রফতানিকৃত পণ্য দ্রুত খালাস করতে বন্দরের অভ্যন্তরে ১০০ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন আরও একটি নতুন ওয়েব্রিজ স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন হয়েছে।

হিলি শুল্ক স্টেশনপরিচালক সাদেকুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী, রফিকুল ইসলাম চৌধুরী (পরিচালক অর্থ ও প্রশাসন), পরিচালক জিয়াউল হক আল আমিন চৌধুরী, পরিচালক কে এম মান্নন, পরিচালক হান্নান হাসান এবং নির্বাহী পরিচালক মঞ্জুর রহমান বিশ্বাস উপস্থিত ছিলেন।

বোর্ড সভায় পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী প্রতিষ্ঠানের আয়-ব্যয় উপস্থাপন করেন এবং ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী বন্দরের ওয়্যারহাউজের অভ্যন্তরের নানা সমস্যা তুলে ধরেন।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (হিসাব) মামুন আর রশিদ জানান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃক নতুন অধিগ্রহণকৃত ১১.৮৬ একর জমিতে এরইমধ্যে সীমানা প্রাচীর নির্মাণ, বালু ফিলিং, ব্রিক্সসলিং, পোর্টের অভ্যন্তরে রাস্তা, ড্রেন ও মাঠ সংস্কার এবং বন্দরের আমদানি-রফতানিকৃত পণ্য দ্রুত খালাস করতে বন্দরের অভ্যন্তরে ১০০ মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন আরও একটি নতুন ওয়েব্রিজ স্থাপনের সিদ্ধান্ত বোর্ড সভায় অনুমোদন হয়।