কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটরের বাসভবনে হামলা

কুড়িগ্রামকুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকনের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন তিনি। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, সোমবার (৩০ এপ্রিল) রাতে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত প্রায় ২০/২৫টি মোটরসাইকেলে করে আমার বাসভবনে হামলা করে। তারা জোর করে আমার বাসার দরজা খোলার চেষ্টা করে। পরে ব্যার্থ হয়ে আমার বাসায় অবস্থিত উত্তর বঙ্গ যাদুঘরের সাইনবোর্ডে ভেঙে ফেলে। এসময় আমি বাসায় উপস্থিত ছিলাম না। পরে বাসায় ফিরে ঘটনা জানতে পারি। কে বা কারা হামলা করেছে তা জানতে পারিনি। এ ঘটনা উল্লেখ করে মঙ্গলবার (১ মে) কুড়িগ্রাম সদর থানায় আমি একটি এজাহার দায়ের করেছি। এখন পুলিশ ঘটনা তদন্ত করে দেখবে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবহান জানান, আমরা এজাহার পেয়েছি। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে ।

এদিকে পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতির বাসভবনে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন।

তিনি বলেন, এটা অবশ্যই আশঙ্কার বিষয়। জেলার পাবলিক প্রসিকিউটর ও বারের সভাপতির বাসভবনে হামলা হলে আমরা অন্যান্য আইনজীবীরা কতটা নিরাপদ! যেই হামলা করে থাকুক আমরা চাই পুলিশ দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসুক।

অ্যাডভোকেট আমজাদ হোসেন আরও বলেন, এ ঘটনায় আমরা আইনজীবী সমিতির জরুরি বৈঠক করে একটি নিন্দা প্রস্তাব পাশ করেছি। অ্যাডভোকেট আব্রাহাম লিংকন কর্তৃক দায়েরকৃত এজাহারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আমরা পুলিশকে অনুরোধ করেছি যেন অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হয়।

এক প্রশ্নের জবাবে আইনজীবী বলেন, কে বা কারা কী উদ্দেশে এ হামলা করেছে তা আমি জানি না। হামলাকারী যে বা যারাই হোক আমরা চাই দলমত নির্বিশেষে তাদের বিচার হোক।