দিনাজপুরে বাস চাপায় নিহত ১

 

দিনাজপুরদিনাজপুরের বটতলিতে যাত্রীবাহি বাসের চাপায় নজরুল ইসলাম দিলওয়ালা (৬৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। এ সময় যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চা দোকানে ঢুকে পড়ায় দোকানদারসহ পাঁচজন আহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসটি একটি রিকশাকে চাপা দেয়। এ সময় দুর্ঘটনাস্থলেই রিক্সাচালক নজরুল ইসলাম দিলওয়ালা নিহত হন। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় দোকানদার  ইউসুফ আলী, গ্রাহক রুবেল, জুয়েল এবং দীপসহ পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে দীপকে স্থানীয় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার পরপরই রাস্তা অবরোধ করে এলাকাবাসী।। পড়ে তাদের সঙ্গে কথা বলার পর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।