ঠাকুরপাড়ায় হামলার ছয় মাসেও চার্জশিট দেয়নি পুলিশ

ঠাকুরপাড়ায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ঘরফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনার ছয় মাস পরও চার্জশিট দেয়নি পুলিশ। তবে এখন পর্যন্ত দেড় শতাধিক আসামিকে গ্রেফতার ও ১৬৪ ধারায় আট জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া টিটু রায়ের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে চার্জশিট দেওয়ার প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, ঠাকুরপাড়ায় হিন্দু পল্লিতে তাণ্ডবের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করে। টিটু রায়কে নীলফামারী থেকে গ্রেফতার করার পর দুই দফায় ১১ দিন রিমান্ডে নেওয়া হয়। এরপর ২০১৭ সালের ১৭ নভেম্বর কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে তাকে আদালতে হাজির করা হয়। টিটু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কথা স্বীকার করেন।

তদন্ত কর্মকর্তা এসআই ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই মামলায় দেড় শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত বেশ কয়েকজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলায় আসামি হাজারেরও বেশি। ফলে এদের মধ্যে দায়ীদের চিহ্নিত করা এবং তাদের ঠিকানা সংগ্রহ করার কাজ চলছে।’

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, ‘মামলাটি চাঞ্চল্যকর মামলা। কোনও নিরপরাধ ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হয় সেসব দিকে লক্ষ্য রেখে তদন্ত কার্যক্রম চলছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ নভেম্বর দুপুরে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রংপুরের সদর উপজেলার পাগলাপীর ঠাকুরপাড়া হিন্দু গ্রামে হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশের গুলিবর্ষণে একজন নিহত ও ছয় জন গুলিবিদ্ধ হন।