দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত, একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বন্দুকযুদ্ধ

দিনাজপুরের বীরগঞ্জে শুক্রবার রাত আড়াইটার দিকে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত এবং শনিবার ভোরে রামসাগরের পশ্চিমপাড় এলাকা থেকে এক মাদক ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহ দুটোর পাশ মাদক, বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের-১৩’র অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ও দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম।

র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি ক্যাম্প-১ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বীরগঞ্জ উপজেলার বাসুদেবপুর এলাকায় অভিযান চালায়।  একদল মাদক ব্যবসায়ী মাদক পাচার করার সময় র‌্যাব তাদের থামতে বললে তারা র‌্যাবের ওপর হামলা চালায়। পরে র‌্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই সাবদারুল (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। নিহত সাবদারুল বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নান্দাইল গ্রামের মজিবর রহমানের ছেলে। সেখান থেকে দুই পোটলা গাজা, ৯৫ বোতল ফেন্সিডিল, একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। নিহত সাবদারুল এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী।

এদিকে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, ভোর রাতে সদর উপজেলার রামসাগরের পশ্চিমপাড় এলাকায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় একটি স্থানে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে সেখান থেকে ২শ’ বোতল ফেনিসিডিল, একটি হাসুয়া, ককটেল, একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, ধারনা করা হচ্ছে দু’পক্ষের গোলাগুলিতে এই ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।

তবে এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম (৩৬)। তিনি সদর উপজেলার মহররমপুর এলাকার আব্দুস সামাদের ছেলে।