কর্মকর্তার স্বাক্ষর জাল করে সার উত্তোলনের চেষ্টা, তদন্ত কমিটি গঠন

কুড়িগ্রামকুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদের স্বাক্ষর জাল করে নন-ইউরিয়া সার উত্তোলনের চেষ্টার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩০ মে) সকালে উপজেলা প্রশাসন কার্যালয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি দেবেন্দ্র নাথ উরাঁও এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত সার ডিলাররা উপজেলা কৃষি কর্মকর্তার স্বাক্ষর জাল করে সার উত্তোলন চেষ্টার কথা মৌখিকভাবে স্বীকার করলেও উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুন্নবী মিঠু ও শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান মো. এজাহার আলী। তাদেরকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন নির্বাহী অফিসার ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতির কাছে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নির্বাহী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বাক্ষর জাল করার বিষয়টি তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ১৫ মে মেসার্স সৈকত ট্রেডার্স, সৈকত এন্টারপ্রাইজ, প্রভাত চন্দ্র সাহা ও মেসার্স আবুল হোসেন ট্রেডার্স উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশীদের স্বাক্ষর ও সিল জাল করে চট্টগ্রাম টিএসপি কমপ্লেক্স থেকে ২ টন নন ইউরিয়া সার উত্তোলনের জন্য কর্তৃপক্ষের কাছে প্রত্যয়নপত্র জমা দেন। জমাকৃত প্রত্যয়নপত্রটি সন্দেহ হলে টিএসপি কমপ্লেক্স কর্তৃপক্ষ থেকে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ধরনের কোনও প্রত্যয়নপত্র প্রদান করেননি মর্মে জানান। পরবর্তীতে উপজেলা কৃষি কর্মকর্তা ওই সার ডিলারদের কৈফিয়ত তলব করলে বুধবার (৩০ মে) সকালে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ডিলারেরা লিখিতভাবে স্বাক্ষর জালের কথা স্বীকার করেন।